Skip to main content

Ridge Bangla

চুয়াডাঙ্গায় মদপানে ৬ জনের মৃত্যু, চারজনের মরদেহ উত্তোলনের সিদ্ধান্ত

চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ এলাকায় বিষাক্ত মদপানে ছয়জনের মৃত্যুর ঘটনায় চারজনের মরদেহ কবর থেকে উত্তোলনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। মঙ্গলবার (২১ অক্টোবর) নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এসব মরদেহ ময়নাতদন্তের জন্য উত্তোলন করা হবে বলে জানিয়েছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের আলী।

তিনি বলেন, “ঘটনার পর সদর থানায় মামলা হয়েছে। ইতোমধ্যে দুইজনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আদালতের নির্দেশে বাকি চারজনের মরদেহও ময়নাতদন্তের জন্য উত্তোলন করা হবে।”

যাদের মরদেহ উত্তোলন করা হবে তারা হলেন পিরোজখালী গ্রামের লাল্টু হোসেন, খেজুরা গ্রামের সেলিম (৪৫), নফরকান্দি গ্রামের খেদের আলী (৫০) ও শংকরচন্দ্র গ্রামের শহিদুল মোল্লা।

গত ৯ অক্টোবর রাতে ডিঙ্গেদহ বাজার এলাকায় কয়েকজন একত্র হয়ে মদপান করলে পরদিন থেকেই অসুস্থ হতে শুরু করেন সবাই। পরবর্তী কয়েক দিনে ছয়জনের মৃত্যু হয়। রোববার হাসপাতালে আরও একজনের মৃত্যু হলে ঘটনাটি প্রকাশ্যে আসে। পরে পুলিশ নিহতদের বাড়িতে তদন্ত চালিয়ে জানতে পারে, তাদের মধ্যে চারজনকে গোপনে দাফন করা হয়েছে।

আদালতের নির্দেশে আগামীকাল মঙ্গলবার তাদের মরদেহ উত্তোলন করা হবে। এ ঘটনায় হোমিওপ্যাথি চিকিৎসায় ব্যবহৃত মেয়াদোত্তীর্ণ স্পিরিটের সংশ্লিষ্টতা পেয়েছে পুলিশ। তদন্তে গিয়ে পুলিশ মূলহোতা ফারুক আহমেদ ওরফে ‘এ্যালকো ফারুক’ (৪০) এবং তার সহযোগী জুমাত আলীকে (৪৬) ঝিনাইদহ থেকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১১৭ বোতল বিষাক্ত স্পিরিট।

This post was viewed: 56

আরো পড়ুন