দীপাবলির উৎসবে নতুন আনন্দ যোগ করতে বলিউডে আসছে এক নতুন জুটি আয়ুষ্মান খুরানা ও শর্বরী ওয়াঘ। নাম ঠিক না হওয়া নতুন সিনেমাটিতে প্রথমবার একসঙ্গে অভিনয় করবেন তারা। ঘোষণা আসার পর থেকেই ছবিটি ঘিরে বলিউডজুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনা।
চলচ্চিত্রটি পরিচালনা করবেন বিখ্যাত নির্মাতা সুরজ আর বরজাতিয়া, যিনি পারিবারিক গল্পনির্ভর ছবির জন্য বলিউডে সুপরিচিত। তার জনপ্রিয় চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘ম্যায়নে পেয়ার কিয়া’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘হাম সাথ সাথ হ্যায়’ ও ‘বিবাহ’, যেগুলো দর্শকপ্রিয়তা ও বাণিজ্যিক সাফল্য দুই-ই পেয়েছিল।
রাজশ্রী প্রোডাকশনস, মহাবীর জৈন ফিল্মস ও অনিতা গুরনানি যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে। নির্মাতারা জানিয়েছেন, গল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আয়ুষ্মান-শর্বরীর পাশাপাশি এতে আরও কয়েকজন নামী অভিনেতা যুক্ত হবেন। আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে শুরু হবে শুটিং, আর মুক্তি পাবে ২০২৬ সালে।
অভিনয়ে বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছেন আয়ুষ্মান খুরানা। তার নতুন ছবি ‘ঠাম্মা’ মুক্তি পাচ্ছে ২১ অক্টোবর, যেখানে তিনি ‘আলোক গোয়াল’ নামের এক ইতিহাসবিদের চরিত্রে অভিনয় করেছেন, যিনি ভ্যাম্পায়ারিজম নিয়ে গবেষণায় মগ্ন। ছবিটি পরিচালনা করেছেন আদিত্য সরপোতদার। অন্যদিকে শর্বরী ওয়াঘ সম্প্রতি সাইয়ারা-খ্যাত আহান পাণ্ডের বিপরীতে একটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এই চলচ্চিত্রটি যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত হচ্ছে, পরিচালনায় রয়েছেন আলি আব্বাস জাফর।