মুন্সীগঞ্জের সিরাজদীখানে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ধলেশ্বরী সেতুর ওপর মাওয়ামুখী সার্ভিস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সিরাজদীখান উপজেলার শেখরনগর ইউনিয়নের ঘনশ্যামপুর এলাকার সেন্টু ভুইয়ার ছেলে ইমন ভুইয়া (২৬) এবং ঢাকার নবাবগঞ্জ এলাকার সামিউল ইসলাম (২৭)। তারা দুইজনই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকার দিক থেকে আসা মোটরসাইকেলটি সার্ভিস লেন দিয়ে মাওয়ার দিকে যাচ্ছিল। পথে পেছন থেকে আসা একটি অজ্ঞাত গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে তারা ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে হাসাড়া হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর গাড়িটি দ্রুত সেতু পার হয়ে পালিয়ে যায়। হাসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু নাঈম সিদ্দিকী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি কিংবা পেছন থেকে আসা কোনো গাড়ির ধাক্কায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে।