Skip to main content

Ridge Bangla

ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিলের তালিকা সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের সঙ্গে ১০টি চুক্তি বাতিল করা হয়েছে—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি তালিকা ঘুরে বেড়ালেও সেটি সঠিক নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বিষয়টি স্পষ্ট করেন।

তিনি বলেন, “যে তালিকাটা এসেছে, এটা কেউ তৈরি করে সার্কুলেট করেছেন। সম্ভবত কোনো উপদেষ্টা সেটি রিটুইট করেছেন মন্তব্যসহ। আমি সে মন্তব্যে কিছু বলব না, তবে তালিকাটি সঠিক নয়। তালিকায় যেসব চুক্তির কথা বলা হয়েছে, তার অধিকাংশই আসলে অস্তিত্বই নেই।”

পররাষ্ট্র উপদেষ্টা জানান, ভারতের সঙ্গে একটি চুক্তি আগেই বাতিল করা হয়েছে। বাকি কয়েকটি এখনো বিভিন্ন পর্যায়ে আছে, তবে ঠিক তালিকায় উল্লেখিত নাম অনুযায়ী নয়। উদাহরণ হিসেবে তিনি বলেন, “ত্রিপুরা-চট্টগ্রাম রেল সংযোগ বা অভয়পুর-আখাউড়া রেলপথ সম্প্রসারণ নামে কোনো প্রকল্প নেই। তেমনি আশুগঞ্জ-আগরতলা করিডরও বাস্তবে নেই, তবে আশুগঞ্জ-সরাইল-ধরখার প্রজেক্ট নামে একটি প্রকল্প চলছে, যার একটি প্যাকেজ বাতিল করা হলেও বাকি অংশ চালু রয়েছে।”

ফেনী নদীর পানি ব্যবস্থাপনা ও কুশিয়ারা নদীর পানিবণ্টন প্রকল্প সম্পর্কেও তিনি বলেন, এসব নামে কোনো প্রকল্প নেই। কেবল ২০২২ সালে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক রয়েছে, সেটিও এখনো বাতিল হয়নি। তৌহিদ হোসেন আরও জানান, গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী বছর শেষ হবে এবং নবায়নের বিষয়ে আলোচনা চলছে। তিস্তা চুক্তির খসড়াও এখনো সই হয়নি।

This post was viewed: 82

আরো পড়ুন