গুম ও মানবতাবিরোধী অপরাধের মামলায় হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজনভ্যানে করে তাদের ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আনা হয়। তবে ঠিক কতজন কর্মকর্তা হাজির হয়েছেন, তা আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।
ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে আজ আনুষ্ঠানিক অভিযোগের ওপর শুনানি অনুষ্ঠিত হচ্ছে। গুম-নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৩৪ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ২৫ জন সেনা কর্মকর্তা, যাদের মধ্যে ১৫ জন বর্তমানে হেফাজতে রয়েছেন। হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের হাজিরকে কেন্দ্র করে রাজধানীর কাকরাইল, মৎস্য ভবন ও পল্টন এলাকায় ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়। ট্রাইব্যুনাল প্রাঙ্গণ ও আশপাশে বিজিবি, র্যাব, সেনা ও পুলিশ সদস্য মোতায়েন ছিল।
প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, বুধবারই ছিল হাজিরের নির্ধারিত দিন। তারা হাজির না হলে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হতো। হাজিরদের বিষয়ে কারাগারে পাঠানোর সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কারা কর্তৃপক্ষ।
গত ৮ অক্টোবর টিএফআই সেলে গুমের অভিযোগে শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে প্রসিকিউশন। আয়নাঘরে গুমের ঘটনায় হাসিনা ও তারিক সিদ্দিকসহ ১৩ জনের বিরুদ্ধে এবং জুলাই-আগস্টের সহিংসতায় ২৮ জনকে হত্যার অভিযোগে চারজন বিজিবি কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের হয়। তিন মামলায় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম অভিযোগ আমলে নেওয়ার ও গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন। শুনানি শেষে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে হাজিরের নির্দেশ দেয়।