বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বৃদ্ধি সংক্রান্ত সিদ্ধান্তে আন্দোলনরত শিক্ষকরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (২১ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় এ তথ্য জানিয়েছে। বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবিকে যৌক্তিক বলে মনে করে। তবে ১৫ বছরের দুর্নীতি ও লুটপাটে ক্ষতিগ্রস্ত অর্থনীতি এখনো পুরোপুরি পুনরুদ্ধার না হওয়ায় সরকারের পক্ষে একসঙ্গে সব দাবি পূরণ করা সম্ভব নয়।
তিনি বলেন, “বাংলাদেশের অর্থনীতি এখন ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। তাই বাস্তবতার নিরিখে মূল বেতনের সাড়ে সাত শতাংশ হারে বাড়িভাড়া বৃদ্ধি করা হয়েছে, যা আগামী জুলাই থেকে আরও সাড়ে সাত শতাংশ বাড়ানো হবে।”
প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি. আর. আবরারসহ সংশ্লিষ্ট সবাইকে তাঁদের অক্লান্ত পরিশ্রমের জন্য ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, “এই সিদ্ধান্তে শিক্ষক সমাজ আশ্বস্ত হবেন এবং নতুন উদ্যমে শ্রেণিকক্ষে ফিরে গিয়ে শিক্ষার্থীদের মাঝে আলো ছড়াবেন।”
প্রেস উইং জানায়, চলতি বছরের ১ নভেম্বর থেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া মূল বেতনের সাড়ে সাত শতাংশ বৃদ্ধি কার্যকর হবে।
গত কয়েকদিন ধরে শিক্ষক সমাজের দাবি নিয়ে প্রধান উপদেষ্টা ধারাবাহিকভাবে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে বৈঠক করেছেন। এসব আলোচনার ফলেই সরকারের এই সিদ্ধান্ত এসেছে।