Skip to main content

Ridge Bangla

বগুড়ায় মা-ছেলে হত্যা, প্রধান আসামিসহ তিনজন গ্রেপ্তার

বগুড়ার শিবগঞ্জে মা-ছেলেকে গলা কেটে হত্যার এক মাস পর প্রধান আসামিসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় নিখোঁজ হওয়া একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জয়পুরহাটের কালাই উপজেলার মাহি ইসলাম (১৮), শাহিনুর রহমান জিসান (১৯) ও সৈকত (২০)। পুলিশ জানায়, নিহত ইমরানের মামাতো ভাই জিসান পরিকল্পিতভাবে দুই সহযোগীকে নিয়ে ইমরানের বাড়িতে যায় মোটরসাইকেল চুরির উদ্দেশ্যে। চুরির সময় ইমরান বাধা দিলে তারা প্রথমে তাকে এবং পরে তার মা রাণী বেগমকে ধারালো অস্ত্রে কুপিয়ে হত্যা করে। পরে ঘর থেকে স্বর্ণালংকার ও মোটরসাইকেল লুট করে পালিয়ে যায়।

তদন্তে জানা যায়, আসামিরা হত্যার পর বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। গত ১৫ অক্টোবর ঢাকার আশুলিয়া থেকে মাহি ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। রিমান্ডে জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করে এবং তার তথ্য অনুযায়ী নওগাঁ থেকে লুণ্ঠিত মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে শনিবার সকালে ঢাকার খিলক্ষেতের ডুমনি বাজার এলাকা থেকে জিসান ও সৈকতকে আটক করা হয়।

উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর রাতে শিবগঞ্জের সাদুল্লাপুর ইউনিয়নের বটতলা গ্রামে রাণী বেগম (৪০) ও তার ছেলে ইমরান হোসেনকে (২২) কুপিয়ে হত্যা করা হয়। পুলিশ পরদিন সকালে তাদের দুজনের মরদেহ উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য পাঠায়। হত্যাকাণ্ডের পর থেকেই আসামিরা বিভিন্ন মাজার এলাকায় ছদ্মবেশ ধারণ করে ওয়াইফাই সংযোগের লাইনম্যান হিসেবে কাজ করছিল।

This post was viewed: 64

আরো পড়ুন