রাজধানীর আদাবর থানার আলোচিত রিপন হত্যা মামলার অন্যতম প্রধান আসামি মো. রুবেল ওরফে কুমির রুবেলকে (২৮) যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (১৮ অক্টোবর) রাতে র্যাব-২ ও র্যাব-৮-এর একটি যৌথ দল মাদারীপুর জেলার ডাসার থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
র্যাব-২ সূত্র জানায়, গত ১০ সেপ্টেম্বর আদাবর ১০ নম্বর এলাকার বালুর মাঠের বস্তিতে চা দোকানি রিপন মিয়া এবং তার পরিবারের সদস্যদের কুপিয়ে গুরুতর আহত করে একদল সন্ত্রাসী। স্থানীয়রা রিপনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
স্থানীয় ও মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত রিপন বস্তির পাশে চায়ের দোকান চালাতেন এবং বস্তির ম্যানেজারের দায়িত্বে ছিলেন। রুবেল ওরফে কুমির রুবেল তার কিশোর গ্যাং সদস্যদের নিয়ে রিপনের দোকানে বাকি খাওয়ার পাশাপাশি বস্তি এলাকায় মাদক বিক্রি করত।
রিপন তাদের বাকি দিতে এবং মাদক বিক্রি করতে নিষেধ করায় রুবেল ও তার গ্যাং ক্ষিপ্ত হয়। এর জেরে ১৬ সেপ্টেম্বর ভোর সাড়ে ৪টার দিকে তারা ধারালো অস্ত্র নিয়ে রিপনের বাসায় ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় রিপনের স্ত্রী ও সন্তানও আক্রমণের শিকার হন।
আহত রিপনকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
র্যাব-২ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার আছাদুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত রুবেল ওরফে কুমির রুবেলকে জিজ্ঞাসাবাদ করে অন্যান্য আসামিদের তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।