গাজায় যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান সংলাপকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে—যেকোনো সংঘাতের স্থায়ী সমাধান কেবলমাত্র কূটনীতি ও সংলাপের মাধ্যমেই সম্ভব।
বিবৃতিতে আরও বলা হয়, এই মর্মান্তিক মানবিক সংকটের অবসান ঘটাতে যেসব দেশ ও সংস্থা কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে, তাদের প্রচেষ্টাকে বাংলাদেশ গভীরভাবে প্রশংসা করে। বাংলাদেশ আশা করে, চলমান এই প্রক্রিয়া দ্রুত যুদ্ধবিরতি, মানবিক সহায়তা পুনরুদ্ধার এবং গাজার জনগণের দীর্ঘস্থায়ী দুর্ভোগের অবসান ঘটাবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, গাজায় শান্তি, পুনর্গঠন ও মানবিক পুনর্বাসন কার্যক্রমে বাংলাদেশ অবদান রাখতে প্রস্তুত। একইসঙ্গে, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্তের ভিত্তিতে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করা হয়।