Skip to main content

Ridge Bangla

নির্বাচন নিয়ে সব বাধা ও সংশয় কেটে গেছে: প্রেস সচিব শফিকুল আলম

আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে ঘিরে সব বাধা ও সংশয় কেটে গেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “এবার দেশবাসী একটি সত্যিকারের নির্বাচন দেখতে পাবে, যা ইতিহাসে অন্যতম সেরা নির্বাচনের উদাহরণ হয়ে থাকবে।”

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, “অনেক বছর পর আমরা ‘রিয়েল ইলেকশন’ দেখতে যাচ্ছি। গত ষোল বছর ধরে দেশের মানুষ শুধু ‘ফেক ইলেকশন’ দেখেছে। সেই যুগ শেষ হয়েছে।”

তিনি জানান, “ইতিমধ্যে সারাদেশে নির্বাচনী আমেজ শুরু হয়েছে। জামালপুর ও হালুয়াঘাটে নেতাদের পোস্টার-প্যানা দেখা যাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থিতা ঘোষণা করছে। দুই-তিন সপ্তাহের মধ্যেই সব দলের প্রার্থীদের নাম প্রকাশিত হবে, তখন নির্বাচনী পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে উঠবে।”

জুলাই সনদ নিয়ে সব রাজনৈতিক দলের ঐকমত্যের কথাও উল্লেখ করেন তিনি। বলেন, “১৫ তারিখ সব দল জুলাই সনদে স্বাক্ষর করবে, যা নির্বাচন আয়োজনের পথে বড় অগ্রগতি।”

এ সময় আলোকচিত্রী শহিদুল আলমের ইসরায়েল থেকে দেশে ফেরার বিষয়েও তিনি কথা বলেন। জানান, “তিনি ইস্তাম্বুলের পথে রয়েছেন, দূতাবাসের কর্মকর্তারা বিমানবন্দরে অবস্থান করছেন তাকে রিসিভ করতে।”

শফিকুল আলম আরও বলেন, শহিদুল আলমের মুক্তিতে সহযোগিতার জন্য তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে প্রধান উপদেষ্টা কৃতজ্ঞতা জানিয়েছেন। সভায় ময়মনসিংহ প্রেসক্লাবের সহসভাপতি নওয়াব আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম আইয়ুব আলীসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

This post was viewed: 137

আরো পড়ুন