Skip to main content

Ridge Bangla

আগামী চার দিন অব্যাহত থাকতে পারে বৃষ্টি: আবহাওয়া অফিস

মৌসুমি বায়ু বিদায়ের পরও সারা দেশে বৃষ্টি অব্যাহত রয়েছে। শনিবার (১১ অক্টোবর) ভোর থেকে ঢাকার আকাশ মেঘলা, হালকা বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে দেশের ছয় বিভাগে বজ্রবৃষ্টির সম্ভাবনা জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। অন্যদিকে দেশের অন্যান্য অংশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তাপমাত্রার দিকে নজর দিলে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার সিনপটিক অবস্থায় লঘুচাপের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

শনিবার সন্ধ্যা থেকে রোববার (১২ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও ময়মনসিংহের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দেশের বাকি অংশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

রোববার সন্ধ্যা থেকে সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বাকি অঞ্চলে আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকবে।

১৪ ও ১৫ অক্টোবরেও একই ধারা অব্যাহত থাকতে পারে, বিশেষ করে চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানিয়েছেন, “মেঘের একটি ভারি সেল আছে। এটি শেষ হলেও, আগামী তিন-চার দিনে বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না।”

This post was viewed: 70

আরো পড়ুন