ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পরও আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। শুক্রবার (১০ অক্টোবর) ফিলিস্তিনি সূত্রের বরাতে দ্য টাইমস অব ইসরায়েল এ তথ্য জানিয়েছে। তবে এ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি আইডিএফ।
গাজার স্থানীয় গণমাধ্যম জানায়, উত্তর গাজার জাবালিয়ায় বাস্তুচ্যুত মানুষের জন্য আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি স্কুলে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে অন্তত পাঁচজন গুরুতর আহত হন। হামলার ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে, যদিও আইডিএফের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া আসেনি।
চুক্তির শর্ত অনুযায়ী প্রথম ধাপে ২৪ ঘণ্টার মধ্যে ইসরায়েলি সেনাদের আংশিক প্রত্যাহার করার কথা থাকলেও তা সম্পন্ন হয়নি। বরং সেনারা মোতায়েন থাকা এলাকায় সাধারণ মানুষকে দূরে থাকতে সতর্ক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই অঞ্চলে সেনাদের মুভমেন্টের সময়ই এ হামলা ঘটে।
এদিকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী যুদ্ধবিরতি বাস্তবায়নে সরকার সম্মতি দিয়েছে।
মিসরের শারম আল-শেখে অনুষ্ঠিত আলোচনার ভিত্তিতে মন্ত্রিসভা বন্দি বিনিময়সহ যুদ্ধবিরতির কাঠামো অনুমোদন করেছে। চুক্তি অনুযায়ী হামাস ধাপে ধাপে ২০ জন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেবে এবং পরবর্তীতে নিহতদের মরদেহ ফেরত দেবে। এর বিনিময়ে ইসরায়েল মুক্তি দেবে দুই হাজারের বেশি ফিলিস্তিনি বন্দিকে, যাদের মধ্যে রয়েছেন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা এবং অনেকে গত বছর আটক হওয়া ফিলিস্তিনি।
গাজার দুই বছরের বিধ্বংসী যুদ্ধে ইতোমধ্যেই ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধবিরতি সেই রক্তক্ষয়ী সংঘাতের পর প্রথম আনুষ্ঠানিক শান্তি উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।