Skip to main content

Ridge Bangla

স্বৈরাচারী ব্যবস্থা শেখ হাসিনাকে দানব বানিয়েছে: বদিউল আলম

নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, দেশের বিদ্যমান স্বৈরাচারী কাঠামো শেখ হাসিনাকে দানবে পরিণত করেছে। ভবিষ্যতে যেন এ ধরনের পরিস্থিতি আর সৃষ্টি না হয়, এজন্য সংসদে একটি উচ্চকক্ষ প্রতিষ্ঠা জরুরি।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) যৌথ জাতীয় সংলাপে তিনি এসব কথা বলেন। আলোচনার বিষয় ছিল, ‘প্রস্তাবিত উচ্চকক্ষ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের জবাবদিহি নিশ্চিত করতে পারবে কি না।’

বদিউল আলম বলেন, শেখ হাসিনা ট্যাংকে ভর করে বা উর্দি পরে ক্ষমতায় আসেননি, বরং নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় এসেছেন যদিও সেই নির্বাচনের বৈধতা প্রশ্নবিদ্ধ। তিনি কীভাবে স্বৈরাচারে রূপ নিলেন, এর জবাব হলো এ দেশের স্বৈরাচারী ব্যবস্থা। সংখ্যাগরিষ্ঠতার নিপীড়নই তাকে দানব বানিয়েছে।

তিনি আরও বলেন, উচ্চকক্ষ থাকলে ক্ষমতার ভারসাম্য তৈরি হতো, দায়বদ্ধতা আসতো এবং একক আধিপত্য রোধ করা যেত। যুক্তরাষ্ট্রের সংবিধানে যে ‘চেক অ্যান্ড ব্যালান্স’ রয়েছে, বাংলাদেশেও সেই মডেল অনুসরণ করা প্রয়োজন।

তার মতে, ২০০১ সালের নির্বাচনে বিএনপি ৪০ দশমিক ৯৭ শতাংশ ভোটে ১৯৩ আসন পেলেও আওয়ামী লীগ প্রায় সমান ভোটে মাত্র ৬২ আসন পেয়েছিল। আবার ২০০৮ সালে আওয়ামী লীগ ৪৮ দশমিক ৪ শতাংশ ভোটে ২৩০ আসন পায়, বিএনপি ৩২ দশমিক ৫ শতাংশ ভোটে মাত্র ৩০ আসন। এই বৈষম্যই গণতন্ত্রকে দুর্বল করেছে।

তিনি বলেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে শেখ হাসিনা সব নির্বাচনকে বিতর্কিত করেছেন। উচ্চকক্ষ থাকলে তা প্রতিরোধ করা যেত। তবে তিনি সতর্ক করে বলেন, রাজনৈতিক সংস্কৃতি না বদলালে কোনো কাঠামো কার্যকর হবে না।

সংলাপে সভাপতিত্ব করেন অধ্যাপক রওনক জাহান। উপস্থিত ছিলেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার, বিএনপির শামা ওবায়েদ, এনসিপির আখতার হোসেন ও সিপিবির রুহিন হোসেন প্রিন্সসহ অনেকে।

This post was viewed: 101

আরো পড়ুন