গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। বিয়ের রাতেই নববধূ মোরশেদা আক্তার (২০) ধারালো ব্লেড দিয়ে স্বামী নজরুল ইসলামের (২৫) গোপনাঙ্গ কেটে দেন। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটে শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পাইকা গ্রামে। আহত নজরুলকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সামাজিকভাবে ময়নুল শেখ ওরফে কুরালু শেখের ছেলে নজরুল ইসলাম পার্শ্ববর্তী মাঠেরহাট রাজনগর গ্রামের আইয়ুব আলী প্রধানের মেয়ে মোরশেদাকে বিয়ে করেন। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে রাতে সাজানো বাসর ঘরে অবস্থান করছিলেন নবদম্পতি। হঠাৎ মোরশেদা ব্লেড দিয়ে নজরুলের গোপনাঙ্গ কেটে দেন। নজরুলের আর্তচিৎকারে স্বজনরা ছুটে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান।
ঘটনার বিষয়ে খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের সদস্য আতোয়ার রহমান বলেন, “বিয়ের রাতেই এমন মর্মান্তিক ঘটনা সত্যিই অত্যন্ত দুঃখজনক।”
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।