দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে, শেষ পর্যন্ত ‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘পুষ্পা ৩: দ্য র্যাম্পেজ’ নির্মাণ হচ্ছে। এটি নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক সুকুমার। সম্প্রতি সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডস (এসআইআইএমএ)-এ ‘পুষ্পা ২: দ্য রুল’ পাঁচটি বড় পুরস্কার জেতার পর এই সুখবরটি প্রকাশ করেন তিনি।
এসআইআইএমএ অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে ‘পুষ্পা ২’-এর পুরো টিম উপস্থিত ছিলেন। পরিচালক সুকুমার, অভিনেতা আল্লু অর্জুন, অভিনেত্রী রাশমিকা মান্দানা, সঙ্গীত পরিচালক দেবী শ্রী প্রসাদ এবং প্রযোজক নবীন ইয়ারনেনি সবাই মিলে পুরস্কার গ্রহণ করেন।
পুরস্কার বিতরণের সময় মঞ্চে সঞ্চালক মজা করে আল্লু অর্জুনকে প্রশ্ন করেন, “পার্টি হবে পুষ্পা?” যা ফাহাদ ফাসিলের চরিত্র ভানওয়ারসিং সেখাওয়াতের বিখ্যাত সংলাপের সঙ্গে মিল রয়েছে। এরপর সঞ্চালক সুকুমারের দিকে ফিরে জানতে চান, “‘পুষ্পা ৩’ কি নির্মিত হবে নাকি কেবল গুঞ্জন?” এই প্রশ্নের উত্তরে সুকুমার প্রযোজকের দিকে তাকিয়ে মুচকি হাসেন এবং ঘোষণা দেন, “অবশ্যই আমরা ‘পুষ্পা ৩’ তৈরি করছি।” পরিচালকের এই ঘোষণার পর হলভর্তি দর্শক ও ভক্তরা উল্লাসে ফেটে পড়েন।
উল্লেখ্য, এই অনুষ্ঠানে আল্লু অর্জুন সেরা অভিনেতা, রাশমিকা মান্দানা সেরা অভিনেত্রী, সুকুমার সেরা পরিচালক, দেবী শ্রী প্রসাদ সেরা সঙ্গীত পরিচালক হিসেবে পুরস্কার লাভ করেন। এছাড়া ‘পিলিং’ গানটির জন্য শঙ্করবাবু পুরস্কৃত হন সেরা প্লেব্যাক সিঙ্গার হিসেবে। এই অ্যাওয়ার্ডস অনুষ্ঠান ‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজির ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও টিমের সাফল্যের প্রমাণ হিসেবে খ্যাতি অর্জন করেছে। ভক্তরা অধীর আগ্রহে ‘পুষ্পা ৩’-এর মুক্তি এবং নতুন এক্সাইটমেন্টের অপেক্ষায় রয়েছেন।