Skip to main content

Ridge Bangla

১৫০টি প্রাথমিক বিদ্যালয়ে শিগগির ‘মিড ডে মিল’ চালু

দেশের ১৫০টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে শীঘ্রই ‘মিড ডে মিল’ বা দুপুরের খাবার কর্মসূচি চালু হবে। এটি সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের শুরুতে শুরু হওয়ার কথা। রোববার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

উপদেষ্টা জানান, ‘মিড ডে মিল’ কর্মসূচি পরিচালনার কাজ ইতোমধ্যেই এগোচ্ছে। ১৫০টি উপজেলায় শিগগিরই এটি কার্যকর করা হবে। চলতি বছরের জানুয়ারিতে দেশের ১৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর ঘোষণা দেওয়া হয়েছিল। তবে নতুন পরিসংখ্যান ও পরিকল্পনা প্রণয়নের কারণে কিছুটা বিলম্ব হয়।

ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার জানান, “প্রাথমিক পরিকল্পনা আগের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) রিপোর্ট অনুযায়ী করা হয়েছিল। পরে নতুন পরিসংখ্যান প্রকাশিত হলে আমাদের কাজকে নতুন তথ্য অনুযায়ী সংশোধন করতে হয়েছে। বিশেষ করে কোন জেলা বা অঞ্চলে বেশি দরিদ্র শিশু আছে, তা নতুন করে যাচাই করা হয়েছে। এজন্য কিছুটা বিলম্ব হয়েছে।”

তিনি আরও বলেন, ট্রেনিং ও অন্যান্য প্রস্তুতিমূলক কার্যক্রম ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, কর্মসূচি সফলভাবে চালু হবে এবং শিশুরা নিয়মিত পুষ্টিকর দুপুরের খাবার পাবে। উপদেষ্টা বলেন, “শিশুদের পুষ্টি নিশ্চিত করা ও শিক্ষার মান বৃদ্ধি করা আমাদের মূল লক্ষ্য। মিড ডে মিল কার্যক্রম তা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

This post was viewed: 60

আরো পড়ুন