সাবেক জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মতিউর রহমানকে আদালত থেকে কারাগারে ফেরত নেওয়ার সময় অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগে পুলিশের এক এসআই ও ১০ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
বরখাস্তদের মধ্যে রয়েছেন—এসআই আবুল কাশেম ও কনস্টেবল মনিরুজ্জামান, মো. কবির হোসেন, ইমরান, নির্জন খান, শামীম আলম, মো. রনি হোসেন, শরীফুল ইসলাম, তানভির রহমান, মো. আবু সাইদ মিয়া ও রবীন্দ্র দাস। বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী।
পুলিশ সদর দফতরের আদেশে উল্লেখ করা হয়, মতিউর রহমানকে আদালতে হাজিরা শেষে ফেরত আনার পথে এসকর্ট দলের সদস্যরা যাত্রাবিরতি করেন এবং গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় তারা অভিযুক্তকে আলাদা কক্ষে খাবারের সুবিধা দেন। অনুসন্ধান কমিটির প্রতিবেদনে প্রমাণ মেলে যে, এসকর্ট ডিউটির সময় এ ধরনের সুবিধা শৃঙ্খলাভঙ্গ ও দায়িত্ব পালনে শৈথিল্যের শামিল।
অফিস আদেশে আরও বলা হয়, অভিযুক্ত পুলিশ সদস্যদের এ কর্মকাণ্ড বিভাগীয় শৃঙ্খলা পরিপন্থি, অসদাচরণমূলক এবং জনসম্মুখে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। তাই পুলিশ রেগুলেশন অব বেঙ্গল ১৯৪৩-এর প্রবিধান ৮৮০ মোতাবেক তাদের সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্ত অবস্থায় তারা বিধি অনুযায়ী ভাতা পাবেন এবং পুলিশ লাইন্সে থেকে নিয়মিত রোলকল, পিটি ও প্যারেডে অংশ নিতে হবে।