Skip to main content

Ridge Bangla

নির্বাচনের আগে ৪ হাজার এএসআই নিয়োগ: আইজিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে চার হাজার সহকারী উপপরিদর্শক (এএসআই) নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অর্ধেক পদ পূরণ হবে পদোন্নতির মাধ্যমে এবং বাকি অর্ধেক সরাসরি নিয়োগের মাধ্যমে।

বুধবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। আইজিপি বলেন, “মোট চার হাজার এএসআই নিয়োগ দেওয়া হবে। বিধিমালায় কিছু সংশোধনের প্রয়োজন ছিল, জনপ্রশাসন মন্ত্রণালয় সেটি করছে। এতে নিয়োগ প্রক্রিয়া আরও সহজ হলো।” তিনি আরও জানান, এই নিয়োগ কার্যক্রম আসন্ন নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবেই নেওয়া হচ্ছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান বলেন, পুলিশের প্রতিনিধিদল নিয়ে বৈঠকে বসা হয়েছে মূলত নিয়োগ দ্রুত সম্পন্ন করার উদ্দেশ্যে। ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে এএসআইসহ বিভিন্ন পদ সৃজন করা হয়েছে। এখন বিধিমালার কয়েকটি জায়গায় সংশোধন করা হচ্ছে।

তিনি যোগ করেন, “নির্বাচনের মাঠে প্রথম দায়িত্ব পালন করে পুলিশ ও আনসার বাহিনী। তাই নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তাদের নিয়োগ ও প্রশিক্ষণ সম্পন্ন করতে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।” এই নিয়োগ বাস্তবায়িত হলে পুলিশ বাহিনীর জনবল ঘাটতি কিছুটা কমবে এবং নির্বাচনকালীন দায়িত্ব পালনে সক্ষমতা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

This post was viewed: 51

আরো পড়ুন