Skip to main content

Ridge Bangla

সাংবাদিক নির্যাতন মামলায় কারাগারে কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন

সাংবাদিক নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে জেলা দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে, বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোছা. ইসমত আরা তার আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার তথ্য অনুযায়ী, প্রায় পাঁচ বছর আগে কুড়িগ্রামে দায়িত্ব পালনকালে ডিসি সুলতানা পারভীন সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযোগ ওঠে, তাকে বাড়ি থেকে তুলে এনে নির্যাতন করা হয় এবং মাদক মামলায় সাজা দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক ২০২০ সালের ৩১ মার্চ জেলা প্রশাসককে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

প্রথমে সুলতানা পারভীন হাইকোর্ট থেকে জামিন পান। তবে মঙ্গলবার স্থানীয় আদালতে জামিন নিতে গেলে বিচারক তা প্রত্যাখ্যান করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। উল্লেখ্য, ২০২০ সালের মার্চে রাতে সাংবাদিক আরিফুল ইসলামকে বাড়ি থেকে তুলে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। সেখানে মাদক মামলায় এক বছরের কারাদণ্ড ও জরিমানা করা হয়। তবে সাংবাদিক মহলের তীব্র প্রতিবাদ ও আন্দোলনের মুখে পরদিনই তাকে মুক্তি দেওয়া হয়।

ভুক্তভোগী সাংবাদিকের আইনজীবী আজিজুর রহমান দুলু জানান, চার্জশিটভুক্ত প্রধান আসামিকে কারাগারে পাঠানোর মাধ্যমে ন্যায়বিচারের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আদালতের চূড়ান্ত রায়ে সত্য প্রতিষ্ঠিত হবে এবং ভুক্তভোগী ন্যায় বিচার পাবেন।

This post was viewed: 52

আরো পড়ুন