Skip to main content

Ridge Bangla

পহেলা বৈশাখে মুক্তি পাচ্ছে ওয়েব সিরিজ ‘ননসেন্স’

শহরকেন্দ্রিক পারিবারিক গল্পে নির্মিত ওয়েব সিরিজ ‘ননসেন্স’ এবার পহেলা বৈশাখ উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে। ছয় পর্বের এই সিরিজটি দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে। পরিচালনা করেছেন রাকেশ বসু।

অভিনয়ে রয়েছেন জাকিয়া বারী মম, ইন্তেখাব দিনার, আইশা খান, নাজিবা বাশার, মিলি বাশার, শহীদুল আলম সাচ্চু, টনি মাইকেল গোমেজসহ আরও অনেকে।

সিরিজের গল্পের ভাবনা দিয়েছেন টনি মাইকেল গোমেজ, লিখেছেন মনসুর রহমান চঞ্চল এবং চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই।

গতকাল বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় সিরিজটি প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে শিল্পী ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

নির্মাতা রাকেশ বসু বলেন, “এটা কোনো ডার্ক ঘরানার গল্প নয়। এটি একই অ্যাপার্টমেন্টে বসবাসরত ভিন্ন চিন্তাধারার দুই পরিবারের মধ্যকার সম্পর্ক, দ্বন্দ্ব ও জীবনের নানা বাস্তবতার গল্প। গল্পটি শুরু হয় এক মধ্যবিত্ত পরিবারের সদস্যকে ঘিরে, যিনি সমাজের প্রতিচ্ছবি—সবার মন রাখতে চেষ্টা করেন। হঠাৎ একটি ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয় এবং সেই ঘটনাই মূলত গল্পের কেন্দ্রে।”

ঢাকার বিভিন্ন প্রান্তে সিরিজটির দৃশ্যধারণ হয়েছে। নির্মাতা জানান, “নাটকে অনেক কিছুই বলা যায় না, তবে ওয়েব সিরিজে তুলনামূলক স্বাধীনতা রয়েছে। আমরা চেষ্টা করেছি বাস্তবতা ও পারিবারিক টানাপোড়েন তুলে ধরতে। আশা করি, দর্শকের ভালো লাগবে।”

This post was viewed: 195

আরো পড়ুন