ভারত সিরিজ বাতিল করায় বড় ক্ষতির মুখে পড়ছে বাংলাদেশ। মাঠের খেলার দিক দিয়ে তো বটেই, আর্থিক দিক দিয়েও বড় লোকসানের মুখে পড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বড় অঙ্কের আয় হাতছাড়া হয় টাইগারদের। যদিও এতদিন কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে এবার মুখ খুললেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি জানান, ভারত না আসায় আর্থিক ক্ষতির মুখে পড়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
বুলবুল জানান, “ভারত আসার কথা ছিল বাংলাদেশ সফরে, কিন্তু আসেনি। তাই আমরা এই সিরিজটা নিয়ে কিছুটা আর্থিক ক্ষতিতে আছি।” এরপরও এশিয়া কাপের প্রস্তুতিতে ঘাটতি এড়াতে নেদারল্যান্ডসকে বাংলাদেশে আমন্ত্রণ জানানো হয়েছে। বুলবুল আরও বলেন, শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে খেলার পর যে বিরতি তৈরি হয়েছিল, তা পূরণের জন্যই এই সিরিজ আয়োজন করা হয়েছে। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে গত মাসে বাংলাদেশে আসার কথা ছিল ভারতীয় দলের। কিন্তু নানা বাস্তবতায় সেটি পিছিয়ে গেছে ১৩ মাস। এই সময়টায় তাই আর খেলা ছিল না বাংলাদেশ দলের। এশিয়া কাপের আগে ক্রিকেটারদের খেলার মধ্যে রাখতে তাই অনেকটা তাড়াহুড়ো করে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজটি আয়োজন করে বিসিবি।
সিলেটে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতে বাংলাদেশের বিপক্ষে কোনো লড়াই করতেই পারেনি ডাচরা। তেমন কোনো চ্যালেঞ্জে পড়তে হয়নি লিটন কুমার দাসের দলকে। তাই প্রশ্নও উঠছে, আদৌ প্রস্তুতি কতটা আদর্শ হচ্ছে তাদের। বিসিবি সভাপতি এ প্রসঙ্গে বলেন, “শক্তির ব্যাপারের চেয়ে বড় ব্যাপার হলো প্রস্তুতি।” তিনি আরও বলেন, বাংলাদেশ এখন ভালো খেলছে এবং এশিয়া কাপ ও ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু হয়েছে।