Skip to main content

Ridge Bangla

সেপ্টেম্বরে তাপপ্রবাহ, লঘুচাপ ও নিম্নচাপের আভাস

চলতি সেপ্টেম্বর মাসে তাপপ্রবাহ, লঘুচাপ, নিম্নচাপ, বজ্রবৃষ্টি ও স্বল্পমেয়াদি বন্যার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে এ সময় দুই থেকে তিনটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে অন্তত একটি নিম্নচাপে রূপ নিতে পারে।

বুধবার (৩ সেপ্টেম্বর) প্রকাশিত সেপ্টেম্বর-২০২৫ মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে কোথাও কোথাও তিন থেকে পাঁচ দিন পর্যন্ত বিজলিসহ বজ্রবৃষ্টি হতে পারে। অধিদপ্তরের পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, সেপ্টেম্বর মাসে এক থেকে দুটি মৃদু তাপপ্রবাহ (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যেতে পারে। একই সঙ্গে দিন ও রাতের গড় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় সামান্য বেশি থাকার সম্ভাবনা রয়েছে।

দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আরো জানানো হয়েছে, দেশের প্রধান নদনদীর প্রবাহ স্বাভাবিক থাকলেও অতিবৃষ্টির কারণে উত্তর, উত্তর-পূর্ব এবং দক্ষিণ-পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। এছাড়া এ মাসে দৈনিক গড় বাষ্পীভবন ৩ থেকে ৫ মিলিমিটার এবং গড় উজ্জ্বল সূর্যালোকের সময়কাল ৫ থেকে ৭ ঘণ্টা থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় স্থানভেদে ভিন্ন ভিন্ন আবহাওয়া পরিস্থিতি বিরাজ করবে। তাই জনগণকে সতর্ক থাকতে এবং পূর্বাভাস অনুযায়ী প্রস্তুতি নিতে হবে।

This post was viewed: 43

আরো পড়ুন