Skip to main content

Ridge Bangla

রোহিঙ্গা সমস্যা সমাধানে চীন-আসিয়ানকে নিয়ে সম্মেলনের প্রস্তাব

রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশ, চীন ও আসিয়ানভুক্ত দেশগুলোকে একত্র করে উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তাব দিয়েছে আসিয়ান পার্লামেন্টারিয়ান্স ফর হিউম্যান রাইটস (এপিএইচআর)। বুধবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এপিএইচআরের প্রতিনিধিদল এ প্রস্তাব তোলে।

আলোচনায় মালয়েশিয়ার সংসদের সাবেক সদস্য ও এপিএইচআরের সহসভাপতি চার্লস সান্তিয়াগো জানান, রোহিঙ্গাদের জন্য অর্থ সংগ্রহে আসিয়ান নেতৃত্বাধীন উদ্যোগ এবং বাংলাদেশ–চীন–আসিয়ানকে নিয়ে রাজনৈতিক শীর্ষ সম্মেলন আয়োজন এই দুটি বিষয়ে অগ্রাধিকার দিতে হবে।

প্রধান উপদেষ্টা আসিয়ানের সহযোগিতা কামনা করে বলেন, “আমরা আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে চাই। যেহেতু আমরা আসিয়ানের অংশ নই, তাই সরাসরি এ বিষয়ে আলোচনার সুযোগ নেই। তবে সংকট সমাধানে আসিয়ানকে এগিয়ে আসতেই হবে।” তিনি আরও প্রস্তাব দেন, বাংলাদেশকে অন্তর্ভুক্ত করে একটি বিশেষ সংসদীয় গ্রুপ গঠন করলে সমস্যা সমাধানে নতুন পথ খুলবে।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, “রোহিঙ্গা ইস্যু এখন বাংলাদেশের জন্য বড় বোঝা। আসিয়ানকে বিশ্বকে জানাতে হবে, আমরা কী সংকটের মুখোমুখি।” চার্লস সান্তিয়াগো জানান, ২০১৮ সালে আসিয়ান সংসদ সদস্যরা রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন এবং তখন থেকেই এ বিষয়ে নজর রাখছেন। যদিও গত দুই–তিন বছর তারা মিয়ানমারে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বেশি মনোযোগী ছিলেন।

এ সময় মালয়েশিয়ার সংসদ সদস্য ওং চেন, ফিলিপাইনের সাবেক কংগ্রেস সদস্য রাউল মানুয়েল ও এপিএইচআরের প্রোগ্রাম ডিরেক্টর চনলাথান সুপ্পাইবুনলার্ড উপস্থিত ছিলেন।

This post was viewed: 50

আরো পড়ুন