প্রখ্যাত পাকিস্তানি অভিনেতা আনোয়ার আলী মারা গেছেন। দীর্ঘ অসুস্থতার পর সোমবার (১ সেপ্টেম্বর) লাহোরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। বোল নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আনোয়ার আলী দীর্ঘদিন ধরে ফুসফুস, কিডনি ও হৃদরোগসহ নানা জটিলতায় ভুগছিলেন। গত ৩১ আগস্ট হঠাৎ তার শারীরিক অবস্থা অবনতি হলে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়, তবে চিকিৎসাধীন অবস্থাতেই তিনি মারা যান।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) জোহরের নামাজের পর লাহোরের মডেল টাউন লিংক রোডে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরিবার, বন্ধু ও সহকর্মীরা শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন।
চার দশকেরও বেশি সময় ধরে শিল্প-অঙ্গনে সক্রিয় ছিলেন আনোয়ার আলী। নাটক, সিনেমা ও মঞ্চ—প্রত্যেক ক্ষেত্রেই সমান পারদর্শিতার সঙ্গে তিনি দর্শকদের মন জিতে নিয়েছেন। তিনি ছিলেন পাকিস্তানের অন্যতম জনপ্রিয় কৌতুক অভিনেতা। টিভি নাটক সোন চণ্ডী, জঞ্জাল পুরা, নিশানি (১৯৭৯) এবং খুদা বখশ (১৯৮৯)-এ তার অভিনয় দর্শকদের মনে স্থায়ী ছাপ ফেলেছিল। এছাড়া কমেডি শো খবরনাক (২০১০)-এ অংশ নিয়ে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন।
আনোয়ার আলীর মৃত্যুতে পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, “শিল্পকলায় আনোয়ার আলীর অবদান সবসময় স্মরণীয় হয়ে থাকবে।” রাষ্ট্রপতি প্রয়াত অভিনেতার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাদের ধৈর্য ধারণের আহ্বান জানান।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত আগস্টে অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি হন আনোয়ার আলী। সেখান থেকেই তার শারীরিক অবস্থার অবনতি চলতে থাকে। তাঁর মৃত্যুতে পাকিস্তানি বিনোদন জগতে এক বিশাল শূন্যতার সৃষ্টি হলো।