Skip to main content

Ridge Bangla

দুর্নীতির দায়ে শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিকসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পূর্বাচল আবাসন প্রকল্পে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ভাগ্নি টিউলিপ সিদ্দিকসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব। রোববার (১৩ এপ্রিল) দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার চার্জশিট গ্রহণ করে আদালত এই আদেশ দেন।

দুদক সূত্রে জানা গেছে, পূর্বাচলে ৬০ কাঠা জমির ৬টি প্লট বরাদ্দে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে শেখ হাসিনাসহ তার পরিবারের সদস্য, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন, রাজউক ও গৃহায়ন মন্ত্রণালয়ের ১৪ জন কর্মকর্তার বিরুদ্ধে মোট ৮টি পৃথক অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়।

চার্জশিট অনুযায়ী, সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর রাস্তার ৬টি প্লট নিজেদের নামে বরাদ্দ নেন, যেখানে তারা বরাদ্দ পাওয়ার যোগ্য ছিলেন না। মামলায় উল্লেখ করা হয়, এই বরাদ্দের পেছনে ছিল অসৎ উদ্দেশ্য ও স্বজনপ্রীতির প্রমাণ।

দুদকের দায়েরকৃত মামলাগুলোর মধ্যে ১২, ১৩ ও ১৪ জানুয়ারি এসব অভিযোগ দাখিল করা হয়। আসামিরা বর্তমানে পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এ মামলায় আরও যারা গ্রেপ্তারি পরোয়ানার আওতায় এসেছেন, তাদের মধ্যে রয়েছেন শেখ রেহানার অপর মেয়ে আজমিনা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, এবং শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল।

এর আগে গত বৃহস্পতিবার শেখ হাসিনা, সায়মা ওয়াজেদসহ ১৮ জনের বিরুদ্ধে আরেকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন একই আদালত।

This post was viewed: 44

আরো পড়ুন