Skip to main content

Ridge Bangla

অস্কারজয়ী গীতিকার অ্যালান বার্গম্যান মারা গেছেন

অস্কারজয়ী কিংবদন্তি গীতিকার অ্যালান বার্গম্যান আর নেই। গত ১৭ জুলাই রাতে লস অ্যাঞ্জেলেসে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৯ বছর। পরদিন ১৮ জুলাই তার পরিবারের পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

ফিল্মফেয়ারের এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যালান বার্গম্যান দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। তবে অসুস্থতার মাঝেও তিনি গানের প্রতি নিজের ভালোবাসা ধরে রেখেছিলেন এবং মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত গান লিখে গেছেন। তার স্ত্রী ও দীর্ঘদিনের সংগীতসঙ্গী ম্যারিলিন বার্গম্যানের সঙ্গে তিনি গড়েছেন গীতিকবিতার এক যুগান্তকারী অধ্যায়।

১৯৫৮ সালে বিয়ের পর থেকে বার্গম্যান দম্পতি একসঙ্গে লিখেছেন অসংখ্য কালজয়ী গান। তাদের লেখা গানের তালিকায় আছে ‘The Way We Were’, ‘You Don’t Bring Me Flowers’–এর মতো জনপ্রিয় সৃষ্টি। এই দম্পতি কাজ করেছেন মারভিন হ্যামলিশ, কুইন্সি জোন্স, মিশেল লেগ্রাঁ এবং সাই কোলম্যানের মতো কিংবদন্তি সুরকারদের সঙ্গে। ফ্র্যাঙ্ক সিনাত্রা, মাইকেল জ্যাকসন, টনি বেনেট ও বারব্রা স্ট্রাইস্যান্ডের মতো তারকারা তাদের লেখা গান কণ্ঠে তুলেছেন।

তাদের সবচেয়ে বড় সাফল্য আসে ১৯৭৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘The Way We Were’ সিনেমার শিরোনাম গান দিয়ে। বারব্রা স্ট্রাইস্যান্ডের কণ্ঠে গাওয়া এই গানটি অস্কার জয় করে। অ্যালান ও ম্যারিলিন বার্গম্যান যুগলবন্দিতে তিনটি একাডেমি অ্যাওয়ার্ড (অস্কার), দুটি গ্র্যামি, চারটি এমি এবং মোট ১৬ বার অস্কার মনোনয়ন পেয়েছেন।

২০১১ সালে বারব্রা স্ট্রাইস্যান্ড এই দম্পতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রকাশ করেন অ্যালবাম ‘What Matters Most’। অ্যালান বার্গম্যানের প্রয়াণে সংগীত জগতে শোকের ছায়া নেমে এসেছে। তবে তার অমর গানের সুর ও কথা যুগের পর যুগ শ্রোতাদের হৃদয়ে বাজতে থাকবে।

This post was viewed: 62

আরো পড়ুন