দেশের ২৭৩৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদনের তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (২০ জুলাই) মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত সময়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে প্রেরিত পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদনগুলোর তালিকা অধিদপ্তরের ওয়েবসাইটের (www.dia.gov.bd) নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনগুলোর অনুলিপি প্রেরণ করা হয়েছে সংশ্লিষ্ট:
-
অধিদপ্তরে (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তর),
-
শিক্ষা বোর্ড ও জাতীয় বিশ্ববিদ্যালয়/ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবরে,
-
জেলা শিক্ষা অফিসে ডি-নথিতে,
-
প্রতিষ্ঠান প্রধান ও ব্যবস্থাপনা কমিটি/গভর্নিং বডির সভাপতির ই-মেইলে (ব্যানবেইস জরিপে প্রদত্ত ই-মেইল অনুযায়ী)।
যদি কোনো প্রতিষ্ঠান তাদের ই-মেইলে প্রতিবেদন না পায়, তাহলে সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসে যোগাযোগ করে ডি-নথি সিস্টেম থেকে তা সংগ্রহ করতে বলা হয়েছে। তবে জেলা শিক্ষা অফিস থেকেও যদি সংগ্রহ করা সম্ভব না হয়, তাহলে প্রতিষ্ঠানকে নিজস্ব লেটারহেডে পরিচালক বরাবর আবেদন করে তা director@dia.gov.bd ই-মেইলে পাঠাতে হবে। ই-মেইল পাওয়ার তিন কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ই-মেইলে প্রতিবেদন পুনরায় পাঠানো হবে।
প্রয়োজনে সরাসরি অফিসে না এসে ০২৪১০৫৩৩৪৭ নম্বরে ফোনে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে, প্রতিবেদনের জন্য অধিদপ্তরে সশরীরে উপস্থিত হওয়ার প্রয়োজন নেই।