শরীয়তপুর-চাঁদপুর নরসিংহপুর ফেরিঘাটে টানা ১৪ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে পড়ে এবং শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৫টার দিকে সেনাবাহিনী ও পুলিশের টহলের মধ্য দিয়ে ফেরি চলাচল পুনরায় শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেন ঘাটের ব্যবস্থাপক ইকবাল হোসেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) এবং স্থানীয় সূত্র জানায়, ঘাট ইজারা নিয়ে সাবেক ইজারাদার মমিন দিদার ও নতুন ইজারাদার জিসান বালার মধ্যে দীর্ঘদিনের বিরোধ চরমে উঠলে ফেরি চলাচল ব্যাহত হয়। বৃহস্পতিবার গভীর রাতে উভয় পক্ষের উত্তেজনা ও বিশৃঙ্খলার জেরে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
ফেরি বন্ধ থাকায় দুই পাড়ে প্রায় দেড়শতাধিক পণ্যবাহী ট্রাক ও যানবাহন আটকে পড়ে। এতে চালক ও যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন এবং ব্যবসায়ীদেরও আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয়। শুক্রবার বিকেলে সেনাবাহিনী ও পুলিশের টহলের মাধ্যমে উত্তেজনা নিয়ন্ত্রণে এনে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়। ব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, “ইজারা সংক্রান্ত বিরোধের কারণে পরিস্থিতি জটিল হয়ে উঠেছিল। প্রশাসনের হস্তক্ষেপে আমরা ফেরি চালু করতে সক্ষম হয়েছি।”
বর্তমানে ঘাটে ৬টি ফেরি নিয়মিত যানবাহন পারাপারে নিয়োজিত রয়েছে। তবে বিরোধের কারণে এ সেবাগুলো সাময়িকভাবে বন্ধ থাকায় ঘাটজুড়ে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছিল।
স্থানীয়রা জানান, ঘাট ইজারা নিয়ে প্রায়ই এমন ধরনের সমস্যা হয়। তারা সুষ্ঠু ও স্বচ্ছ ইজারা প্রক্রিয়ার দাবি জানান এবং ভবিষ্যতে যেন এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য প্রশাসনের কঠোর ভূমিকা কামনা করেন।