Skip to main content

Ridge Bangla

মুজিববাদ শেষ না হওয়া পর্যন্ত লড়াই চলবে: নাহিদ ইসলাম

মুজিববাদ ও ফ্যাসিবাদ শেষ না হওয়া পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর লড়াই চলবে বলে ঘোষণা দিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জ শহরে আয়োজিত জুলাই পদযাত্রা ও পথসভায় তিনি এ বক্তব্য দেন।

নাহিদ ইসলাম বলেন, “গোপালগঞ্জে আমাদের ওপর হামলা হয়েছে। আরও ১০টি জেলায় হামলা হতে পারে। তবুও আমাদের দমন করা যাবে না। মুজিববাদের বিরুদ্ধে যে গণঅভ্যুত্থান শুরু করেছি, ফ্যাসিবাদবিরোধী লড়াই আমরা চালিয়ে যাবো। আল্লাহ এবং দেশের জনগণ আমাদের সঙ্গে আছেন। ভয় পাওয়ার কিছু নেই। সামনে আরেকটি লড়াই আসছে, আমরা প্রস্তুতি নিচ্ছি।”

তিনি মুন্সীগঞ্জের নদীভাঙন, অবৈধ বালু উত্তোলন, সড়কপথের বেহাল দশা ও চিকিৎসা ব্যবস্থার দুর্দশার কথা তুলে ধরে বলেন, “নদীভাঙন ও দুর্যোগ থেকে মানুষকে রক্ষা করবো। বালু দস্যুদের দৌরাত্ম্য বন্ধ করবো। শিক্ষা ও কর্মসংস্থানে পরিবর্তন আনবো। এ জন্য এলাকাভিত্তিক প্রতিবাদের সংস্কৃতি গড়ে তুলতে হবে।”

প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে তিনি বলেন, “মুন্সীগঞ্জের হাজারো মানুষ প্রবাসে আছেন। আমরা তাদের ভোটাধিকার নিশ্চিত করবো। তারা দেশেরই অংশ।”

সভায় সভাপতিত্ব করেন জেলা এনসিপির আহ্বায়ক মাজেদুর ইসলাম। আরও বক্তব্য দেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। উপস্থিত ছিলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী, যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মেহেদী হাসান, সদর উপজেলার আহ্বায়ক গাজী আবদুল আলিম, সাবেক মেয়র মুজিবুর রহমানসহ অন্য নেতারা।

This post was viewed: 47

আরো পড়ুন