Skip to main content

Ridge Bangla

এই মাসে জুলাই সনদ না হলে দায় সরকারের: সালাহউদ্দিন আহমেদ

জুলাই মাসের মধ্যেই ‘জুলাই সনদ’ প্রণয়ন না হলে এর দায় ঐকমত্য কমিশন ও অন্তর্বর্তীকালীন সরকারের—এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

শুক্রবার (১৮ জুলাই) দুপুরে রাজধানীর মিরপুর পল্লবীর বিআরটিসি বাস ডিপোর সামনে জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদদের স্মরণে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত এক মৌন মিছিলপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, “যারা সংস্কার কমিশনে গিয়ে কেবল খানা-পিনা করে আর কোনো সিদ্ধান্ত না নিয়ে বেরিয়ে আসছে, তাদের জন্যই আজও সমাধান হয়নি। জুলাইয়ের ভেতরে যদি জাতীয় সনদ বা জুলাই সনদ না হয়, তার দায় থাকবে ঐকমত্য কমিশন ও অন্তর্বর্তী সরকারের।”

তিনি আরও বলেন, “বিএনপির ওপরে সংস্কার না হওয়ার দোষ চাপানো হচ্ছে। অথচ বিএনপি সবসময় সমঝোতার জন্য এগিয়ে এসেছে।”

একটি রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, “যারা বারবার জনগণ ও দেশের সেন্টিমেন্টের বিরুদ্ধে গেছে, তারাই ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। আরেকটি দল, যারা ১৬ বছর আওয়ামী লীগকে বাতাস দিয়েছে, তারা আবার পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন মানছে না।”

নতুন রাজনীতিকদের উদ্দেশে তিনি বলেন, “স্বপ্ন দেখা ভালো। কিন্তু মনে রাখতে হবে, নির্বাচন ঠেকিয়ে বা ষড়যন্ত্র করে ক্ষমতায় যেতে চাইলে তা গণতন্ত্রের জন্য ক্ষতিকর। ফ্যাসিবাদের দোসরদের যেন আর পুনর্বাসন করা না যায়।”

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের সভাপতিত্বে ও সদস্যসচিব মোস্তফা জামানের সঞ্চালনায় সমাবেশে দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

This post was viewed: 43

আরো পড়ুন