Ridge Bangla

গাইবান্ধায় জাপানি অনুদান প্রকল্প পরিদর্শন করলেন জাপান দূতাবাসের প্রতিনিধিদল

গাইবান্ধা জেলার একটি জাপানি অনুদানভিত্তিক উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন ঢাকাস্থ জাপান দূতাবাসের প্রতিনিধিরা। মঙ্গলবার (১৫ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জাপান দূতাবাস।

প্রতিনিধিদলের সদস্য ছিলেন দূতাবাসের প্রথম সচিব কারাসাওয়া শিনজু ও দ্বিতীয় সচিব মাকিগুচি ইয়াসুয়ুকি। তারা গাইবান্ধা ভিত্তিক এনজিও এসকেএস ফাউন্ডেশন পরিচালিত “এসকেএস চক্ষু হাসপাতালের জন্য চক্ষু চিকিৎসা সরঞ্জাম সংগ্রহ প্রকল্প”-এর উদ্বোধন উপলক্ষে সেখানে সফর করেন।

এই প্রকল্পটি জাপান সরকারের “গ্র্যান্ট অ্যাসিস্ট্যান্স ফর গ্রাসরুটস হিউম্যান সিকিউরিটি প্রজেক্টস (জিজিএইচএসপি)” কর্মসূচির আওতায় পরিচালিত হচ্ছে। প্রকল্পটির মূল লক্ষ্য হলো গাইবান্ধা ও পার্শ্ববর্তী জেলাগুলোর আর্থিকভাবে পিছিয়ে পড়া ও ঝুঁকিপূর্ণ জনগণের জন্য স্বল্পমূল্যে মানসম্পন্ন চক্ষু চিকিৎসা সেবা নিশ্চিত করা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে কারাসাওয়া শিনজু বলেন, “এই প্রকল্পের মাধ্যমে চক্ষু চিকিৎসার মান উন্নয়ন এবং মানুষের দুঃখ-কষ্ট লাঘবে আমরা কার্যকর পরিবর্তন প্রত্যাশা করছি।”

দূতাবাস জানায়, ১৯৮৯ সাল থেকে জাপান সরকার তৃণমূল পর্যায়ে মানবিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা উন্নয়নে জিজিএইচএসপি প্রকল্পের আওতায় বাংলাদেশে মোট ২২১টি এনজিও প্রকল্পে সহায়তা প্রদান করেছে, যার আর্থিক মূল্য প্রায় ১ কোটি ৭৫ লাখ মার্কিন ডলার।

প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে গাইবান্ধার স্বাস্থ্যখাতে কাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।

This post was viewed: 50

আরো পড়ুন