Skip to main content

Ridge Bangla

ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসছেন মধুমিতা, পাত্র দেবমাল্য

‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে ‘পাখি’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে দুই বাংলায় তুমুল জনপ্রিয়তা পাওয়া অভিনেত্রী মধুমিতা সরকার অবশেষে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। তার দীর্ঘদিনের প্রেমিক দেবমাল্য চক্রবর্তী–কে বিয়ে করছেন তিনি, যিনি পেশায় একজন ইঞ্জিনিয়ার।

গত বছরের অক্টোবর মাসে দেবমাল্যের সঙ্গে প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আনেন মধুমিতা। তারপর থেকেই বিয়ের গুঞ্জন চলছিল টালিউডে। এবার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, এই ডিসেম্বরেই চার হাত এক হচ্ছে এই জুটি। সম্ভাব্য বিয়ের তারিখ ৫ ডিসেম্বর এবং বৌভাত অনুষ্ঠিত হবে ৭ ডিসেম্বর। বিয়ের জন্য শাড়ি ও গয়না ইতোমধ্যে বাছাই করে নেওয়া হয়েছে।

যদিও মধুমিতা এখনো বিয়ের তারিখ নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “বিয়ের আগে নিজের জন্য কিছু সময় চাই।” প্রেমের শুরুটা হয়েছিল মহাষ্টমীর সকাল–এ, যখন তিনি দেবমাল্যের সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছিলেন “নতুন শুরু”—সেই থেকেই সামনে আসে তাদের সম্পর্ক।

দেবমাল্য গ্ল্যামার দুনিয়ার কেউ না হলেও মধুমিতা প্রায়ই তাদের ব্যক্তিগত মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন, যা ভক্তদের মধ্যে উচ্ছ্বাস তৈরি করেছে।

বর্তমানে ‘শ্রীমান ভার্সেস শ্রীমতী’, ‘কুলের আচার’–এর মতো ছবির কাজ শেষ করে ব্যক্তিগত জীবনকেই বেশি গুরুত্ব দিচ্ছেন মধুমিতা। তার ভক্তরা আশাবাদী, শিগগিরই এই জনপ্রিয় অভিনেত্রী আনুষ্ঠানিকভাবে বিয়ের ঘোষণা দেবেন।

This post was viewed: 56

আরো পড়ুন