Skip to main content

Ridge Bangla

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে সারাদেশে ব্লকেডের ডাক

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের প্রতিবাদে সারাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার (১৬ জুলাই) বিকেলে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

ফেসবুক পোস্টে সংগঠনটি জানায়, “গোপালগঞ্জে জুলাইয়ের নেতাদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব ইউনিটকে স্থানীয় ছাত্রসংগঠন, রাজনৈতিক দল ও সর্বস্তরের ছাত্রজনতার সঙ্গে যৌথভাবে সারাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবরোধ কর্মসূচি পালনের আহ্বান জানানো হচ্ছে।”

পোস্টে আরও বলা হয়, “জনগণের স্বার্থরক্ষায় এবং ছাত্রসমাজের ন্যায্য অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি সফল করতে হবে।”

এর আগে গোপালগঞ্জ শহরে সকাল থেকেই ছিল উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। এনসিপির সমাবেশ শেষে ফেরার পথে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ ও সেনা সদস্যরা মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে শক্তি প্রয়োগ করে, এতে প্রাণহানি ও আহতের ঘটনা ঘটে।

জানা গেছে, এনসিপির কেন্দ্রীয় নেতা নাহিদ ইসলামসহ কয়েকজন স্থানীয় নেতা গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিয়েছেন। শহরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এক বিবৃতিতে জানিয়েছে, এই সহিংসতার সম্পূর্ণ দায় সরকারকেই নিতে হবে এবং হামলাকারীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

This post was viewed: 47

আরো পড়ুন