Ridge Bangla

এনসিপি-সহ ১৪৪টি দল ইসির বাছাইয়ে উত্তীর্ণ হয়নি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ নিবন্ধনের জন্য আবেদন করা ১৪৪টি রাজনৈতিক দলের কোনোটি নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হয়নি। কাগজপত্রে ঘাটতি থাকায় দলগুলোকে তা পূরণের জন্য ১৫ দিনের সময় দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ। তিনি বলেন, প্রথম ধাপে ৬২টি দলকে চিঠি দেওয়া হবে। বাকি দলগুলোকে ধাপে ধাপে চিঠি পাঠানো হবে। নির্ধারিত সময়ের মধ্যে দলগুলোকে ত্রুটিপূর্ণ নথিপত্র সংশোধন করে আবার জমা দিতে হবে।

ইসির গণবিজ্ঞপ্তি অনুযায়ী, নিবন্ধনের জন্য আবেদন গ্রহণ করা হয় ২০ এপ্রিল পর্যন্ত, যা পরে সময় বাড়িয়ে ২২ জুন পর্যন্ত করা হয়। এই সময়ের মধ্যে মোট ১৪৪টি রাজনৈতিক দল ১৪৭টি আবেদন জমা দেয়।

আবেদন করা দলগুলোর মধ্যে রয়েছে—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সংগ্রামী ভোটার পার্টি, মুসলিম জনতা পার্টি, নতুন প্রজন্ম পার্টি, ওয়ার্ল্ড মুসলিম কমিউনিটি, বাংলাদেশ নাগরিক দল (বিএনডি), ন্যাশনাল ফ্রিডম পার্টি, বাংলাদেশ জনতা পার্টি (বিজেপি), বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি), ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী ন্যাপ), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), এবং আরও অনেক ক্ষুদ্র দল।

ইসি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ঘাটতি পূরণ করতে না পারলে দলগুলোকে নিবন্ধনের বাইরে রাখা হবে। তবে যথাযথ কাগজপত্র সরবরাহ করতে পারলে বাছাই শেষে নিবন্ধনের বিষয়টি পুনর্বিবেচনা করা হবে।

This post was viewed: 43

আরো পড়ুন