Skip to main content

Ridge Bangla

ঢাকার বায়ুদূষণ রোধে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করা হবে: পরিবেশ উপদেষ্টা

ঢাকা মহানগরীর বায়ুদূষণ নিয়ন্ত্রণে শিগগিরই ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এই লক্ষ্যে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের কথাও জানান তিনি, যারা বিজ্ঞানভিত্তিক সুপারিশ প্রদান করবে।

মঙ্গলবার (১ জুলাই) আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব বলেন। সভার উদ্দেশ্য ছিল বায়ুদূষণ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ।

উপদেষ্টা ঢাকার বায়ুদূষণের উৎস চিহ্নিত করতে পৃথক কমিটি গঠনের নির্দেশ দেন। এছাড়া পার্বত্য চট্টগ্রাম, লক্ষ্মীপুরের রামগতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় ইটভাটা বন্ধ করার কথা বলেন তিনি। মেয়াদোত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে বিআরটিএ’র সহায়তায় নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশ দেন উপদেষ্টা।

নির্মাণসামগ্রী যত্রতত্র ফেলে রাখা, উন্মুক্ত স্থানে আগুন জ্বালানো, ও পাতা পোড়ানোর মতো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনানুগ পদক্ষেপ নিতে কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি। ঢাকাকে বাসযোগ্য করতে ‘জিরো সয়েল’ কর্মসূচি বাস্তবায়নের ওপর জোর দিয়ে তিনি বলেন, নগরীর কোনো জায়গা পতিত রাখা যাবে না এবং প্রতিটি ফাঁকা জায়গায় গাছ লাগাতে হবে।

তিনি আরও বলেন, পাতা পোড়ানোর হটস্পট চিহ্নিত করে সচেতনতামূলক কার্যক্রম চালাতে হবে। এজন্য সব শিক্ষাপ্রতিষ্ঠানে পত্র প্রেরণ ও গণমাধ্যমে প্রচার চালানোর নির্দেশ দেন তিনি। পাশাপাশি আমিনবাজার এলাকায় অবৈধভাবে বালু মজুদের বিরুদ্ধে অভিযান পরিচালনার নির্দেশ দেন এবং স্বেচ্ছাসেবকদের গাছ লাগানো উদ্যোগে যুক্ত করার আহ্বান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামানসহ বিভিন্ন সরকারি ও সিটি করপোরেশনের প্রতিনিধি এবং অন্যান্য সংস্থার সদস্যরা।

This post was viewed: 142

আরো পড়ুন