গণতন্ত্রকে শক্তিশালী করতে বিএনপি অনেক বিষয়ে ছাড় দিয়েছে বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২ জুলাই) পটুয়াখালী জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “কিছু সংস্কার প্রস্তাবের সঙ্গে বিএনপি একমত নয়, তবুও বৃহত্তর স্বার্থে দলটি উদারতা দেখিয়েছে।” তিনি বলেন, “গণতন্ত্র মানেই মতপার্থক্য থাকবে। বড় দল হিসেবে বিএনপির দায়িত্বও বেশি। অন্যান্য রাজনৈতিক দলের মতামতকে শ্রদ্ধা করে আলোচনা ও সমঝোতার মধ্য দিয়ে সমস্যার সমাধান করতে হবে।”
তিনি আরও বলেন, “বিএনপি আগেই রাজনৈতিক সংস্কারের প্রস্তাব দিয়েছে। এরপরও অন্তর্বর্তী সরকারের ঐকমত্য কমিশনে অনেক ছাড় দিয়েছে। গণতন্ত্রের স্বার্থে কিছু বিষয়ে একমত না হয়েও অংশগ্রহণ করেছে।”
দলের নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, “জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ না করায় ফ্যাসিস্টদের পতন হয়েছে। আমাদেরকেও জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে। বিএনপির ক্ষমতার উৎস জনগণ। তাই আমাদের নীতি ও আদর্শ নিয়ে জনগণের কাছে যেতে হবে। জনগণের সঙ্গে সম্পর্ক বজায় রেখে কাজ করাই হবে আমাদের মূল দায়িত্ব।”
নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, “একজনের অপকর্মের দায় যেন পুরো দলকে না নিতে হয়। দলের সুনাম যেন কেউ নষ্ট না করে।”
তারেক রহমান আরও বলেন, “গণতন্ত্র যখনই হুমকির মুখে পড়েছে, তখনই বিএনপি রাজপথে নেমেছে। এই ঐতিহ্য নিয়েই দলকে আরও সুসংগঠিত করা হচ্ছে।” একইসঙ্গে ভোটাধিকার রক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।