Skip to main content

Ridge Bangla

মার্কিন বাজেট বিল নিয়ে ট্রাম্প-মাস্ক দ্বন্দ্ব, সিনেটে ভোটাভুটি

মার্কিন সিনেটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বাজেট বিল “ওয়ান বিগ বিউটিফুল বিল আ্যাক্ট” ঘিরে চলছে টানা ভোটাভুটি ও রাজনৈতিক টানাপোড়েন। রিপাবলিকান দল অভ্যন্তরীণ বিভক্তির কারণে বিলটি এখনো চূড়ান্তভাবে পাস হয়নি।

বাজেট বিলটিতে কর ছাড় অব্যাহত রাখার প্রস্তাব থাকলেও এর বিনিময়ে কল্যাণমূলক খাতগুলোতে ব্যাপক কাটছাঁটের পরিকল্পনা রয়েছে। এতে প্রায় ১ কোটি ২০ লাখ মার্কিন নাগরিক স্বাস্থ্যবিমা হারাতে পারেন বলে জানিয়েছে বিশ্লেষকরা। কংগ্রেসের বাজেট অফিস আশঙ্কা প্রকাশ করেছে, বিলটি পাস হলে যুক্তরাষ্ট্রের ওপর ৩.৩ ট্রিলিয়ন ডলার নতুন ঋণের বোঝা পড়বে।

ডেমোক্র্যাটরা বিলটির কড়া সমালোচনা করে বিলটি আটকে দিতে দীর্ঘ বিতর্কের কৌশল গ্রহণ করেছে। তারা ৯৪০ পৃষ্ঠার পুরো বিল পাঠ করার নির্দেশ দিয়েছে, যাতে বিল পাসে বিলম্ব হয়। এদিকে রিপাবলিকান দলের সিনেটর থম টিলিস বিলের বিরুদ্ধে অবস্থান নিয়ে রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেন, যা দলের অভ্যন্তরীণ মতবিরোধকে প্রকাশ করেছে।

এ পরিস্থিতিতে টেসলা ও এক্স কর্পোরেশনের প্রধান ইলন মাস্ক বাজেট বিলের সমালোচনায় সরব হয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, বিলটি পাস হলে তিনি একটি নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নেবেন। ট্রাম্প তার প্রতিক্রিয়ায় মাস্কের কোম্পানিগুলোর সরকারি ভর্তুকি কমানোর পরামর্শ দিয়েছেন।

এই ঘটনাপ্রবাহে যুক্তরাষ্ট্রের বাজেটনীতি, কর কাঠামো ও রাজনৈতিক সমীকরণে বড় ধরনের উত্তেজনা সৃষ্টি হয়েছে। বাজেট বিল পাসের ভাগ্য নির্ভর করছে রিপাবলিকানদের অভ্যন্তরীণ ঐকমত্য ও ডেমোক্র্যাটদের প্রতিরোধ কৌশলের ওপর।

This post was viewed: 184

আরো পড়ুন