বাংলাদেশ ও জাপানের মধ্যে ৬৩০ মিলিয়ন মার্কিন ডলারের ঋণচুক্তি সই হয়েছে। শুক্রবার (২৭ জুন) রাজধানীর এনইসি-২ সভাকক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং জাইকা (জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি) এই ঋণচুক্তিতে স্বাক্ষর করে।
৪৬তম ইয়েন লোন প্যাকেজের আওতায় ‘জয়দেবপুর-ঈশ্বরদী সেকশনের মধ্যে ডুয়েল গেজ ডাবল লাইনের নির্মাণ (ধাপ-১)’ প্রকল্পে এই অর্থায়ন দেওয়া হচ্ছে। বাংলাদেশের পক্ষে ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং জাপানের পক্ষে ঢাকায় নিযুক্ত জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি টমোহাইড চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী, জাপান সরকার বাংলাদেশকে ৯২ হাজার ৭৭ মিলিয়ন জাপানি ইয়েন (প্রায় ৬৩০ মিলিয়ন মার্কিন ডলার) ঋণ হিসেবে দেবে। এর আগে, গত ৩০ মে প্রধান উপদেষ্টার জাপান সফরের সময় টোকিওতে এই প্রকল্পের জন্য বিনিময় নোট সই হয়েছিল।
প্রকল্পের আওতায় ১৬২ কিলোমিটার ডুয়েল গেজ মেইন লাইন, ২৫ কিলোমিটার লুপ ও সাইডিং লাইন নির্মাণ, ১১ কিলোমিটার পুরোনো রেললাইন পুনর্নির্মাণ এবং তিনটি নতুন স্টেশনসহ নানা উন্নয়ন কাজ করা হবে।
এ প্রকল্পের ইঞ্জিনিয়ারিং সার্ভিসের জন্য এর আগে ৪,২২৮ মিলিয়ন ইয়েন (প্রায় ৩২ মিলিয়ন ডলার) ঋণচুক্তি সই হয়েছিল। নতুন চুক্তির শর্ত অনুযায়ী, নির্মাণকাজের সুদের হার ২ শতাংশ, পরামর্শক সেবার জন্য ০.৬৫ শতাংশ এবং ফ্রন্ট অ্যান্ড ফি ০.২০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ঋণটি ১০ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩০ বছরে পরিশোধযোগ্য।