Skip to main content

Ridge Bangla

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪, আহত ১৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের সিংপাড়া-নওয়াপাড়া ও হাঁসাড়া ব্রিজ-২ এর মধ্যবর্তী স্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১৬ জন। শনিবার (২৮ জুন) ভোর সাড়ে ৩টার দিকে ঢাকামুখী লেনে হামদান পরিবহনের একটি নাইটকোচ চলন্ত একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পর উভয় যানবাহন এক্সপ্রেসওয়ের মাঝখানের রেলিংয়ে সজোরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন—যশোর সদর উপজেলার জালাল উদ্দিন, জিল্লুর রহমান, আব্দুল হালিম এবং ট্রাকের সহকারী হাসিব। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে দুর্ঘটনাকবলিত যান সরিয়ে নেওয়ার পর কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও পরে তা স্বাভাবিক হয়। সড়ক দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

This post was viewed: 76

আরো পড়ুন