বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া শোকাহত। তার প্রিয় ফুফা রমণ হান্দা মারা গেছেন। মঙ্গলবার (১৭ জুন) যুক্তরাষ্ট্র থেকে ইনস্টাগ্রাম স্টোরিজে এক আবেগঘন বার্তায় প্রিয়াঙ্কা লেখেন, “তুমি সবসময় আমাদের মনে থাকবে। এবার শান্তিতে বিশ্রাম নাও রমণ পিশেমশাই। ওম শান্তি।”
রমণ হান্দা ছিলেন প্রিয়াঙ্কার ফুফা এবং বলিউড অভিনেত্রী ও মডেল মানারা চোপড়ার পিতা। প্রিয়াঙ্কা তার শোকবার্তায় ফুফাতো বোন মানারা এবং পিসি কামিনী চোপড়াকেও ট্যাগ করেন। গণমাধ্যম সূত্রে জানা যায়, সোমবার (১৬ জুন) মুম্বাইয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
বাবার মৃত্যুর খবর নিজেই সামাজিক মাধ্যমে শেয়ার করে মানারা লেখেন, “গভীর শোক ও বেদনার সঙ্গে জানাচ্ছি, আমাদের বাবা আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি আমাদের পরিবারের শক্তি ছিলেন।” বাবার মৃত্যুতে মানারা কান্নায় ভেঙে পড়েন এবং তড়িঘড়ি মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেন। বিমানবন্দরে তার উপস্থিতি ক্যামেরাবন্দি করে ফেলেন চিত্রসাংবাদিকরা। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন মিতালি।
উল্লেখ্য, রিয়েলিটি শো ‘বিগ বস ১৭’-এ মানারার পারফরম্যান্সের সময় প্রিয়াঙ্কা তাকে সর্বদা সমর্থন জানালেও একই পরিবারের আরেক চোপড়া অভিনেত্রী পরিণীতির সঙ্গে মানারার সম্পর্ক বরাবরই কিছুটা উত্তেজনাপূর্ণ বলে গুঞ্জন রয়েছে। বিশেষ করে পরিণীতির সঙ্গে চেহারার তুলনা নিয়ে মানারার অসন্তোষ নিয়ে এক সময় আলোচনা হয়েছিল।
তবে শোকের এই সময়ে পারিবারিক মতবিরোধের চেয়ে বড় হয়ে উঠেছে প্রিয়জন হারানোর কষ্ট। প্রিয় ফুফার মৃত্যুতে প্রিয়াঙ্কার আবেগময় বার্তা ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে।