Skip to main content

Ridge Bangla

ইসরাইলি আগ্রাসনে গাজার পরিস্থিতি ‘ভয়াবহ ও অমানবিক’: জাতিসংঘ

গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের ফলে সেখানকার পরিস্থিতি এখন ভয়াবহ ও অমানবিক বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক।

সোমবার জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৫৯তম অধিবেশনে বার্ষিক প্রতিবেদন উপস্থাপনকালে তিনি বলেন, ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের সামরিক অভিযান ও যুদ্ধ পরিচালনার পদ্ধতি গাজায় ভয়াবহ এবং অযৌক্তিক মানবিক বিপর্যয় সৃষ্টি করছে।

ভলকার টুর্ক বলেন, “ইসরায়েল খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে এবং জীবনরক্ষাকারী ত্রাণ আটকে দিচ্ছে। আমি হতাশাগ্রস্ত বেসামরিক মানুষের ওপর হামলার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “ইসরায়েলি শীর্ষ কর্মকর্তাদের মানবতাবিরোধী ও ঘৃণামূলক বক্তব্য ইতিহাসের সবচেয়ে ভয়ংকর অপরাধের স্মৃতি জাগিয়ে তোলে।”

গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, খান ইউনিসের আল-মাওয়াসি এলাকার রেড ক্রস ফিল্ড হাসপাতাল ও নাসের হাসপাতালে অন্তত ২০০ জন আহত ও নিহত ব্যক্তিকে স্থানান্তর করা হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৯ মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৫৫ হাজার ৩৬২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে বিপুলসংখ্যকই শিশু।

অন্যদিকে, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন জানিয়েছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু তাঁকে আশ্বাস দিয়েছেন যে গাজায় আরও মানবিক ত্রাণ প্রবেশের সুযোগ দেওয়া হবে।

গতকাল ভোর থেকে গাজায় নতুন করে ইসরায়েলি হামলায় অন্তত আরও ২০ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৫ জন নিহত হয়েছেন রাফা অঞ্চলের একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে, যেখানে তাঁরা সহায়তা নিতে এসেছিলেন। এই বিতরণ কেন্দ্রটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালনা করে।

This post was viewed: 48

আরো পড়ুন