Skip to main content

Ridge Bangla

জুলাই অভ্যুত্থানের বার্ষিকীতে ‘জুলাই সনদ’ প্রকাশের ঘোষণা প্রধান উপদেষ্টার

আসন্ন জুলাই মাসে ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে ‘জুলাই সনদ’ প্রকাশের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৭ জুন) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অস্ট্রেলিয়ার নবনিযুক্ত হাইকমিশনার সুসান রাইলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ ঘোষণা দেন।

সাক্ষাতে নির্বাচনী প্রস্তুতি, সাংবিধানিক ও প্রশাসনিক সংস্কার, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়। অধ্যাপক ইউনূস বলেন, “বহু বছর পর তরুণ ভোটাররা বাস্তব ও মুক্তভাবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে। আমি বিশ্বাস করি এটি একটি উৎসবমুখর ও আশাব্যঞ্জক ঘটনা হবে।”

তিনি জানান, অন্তর্বর্তী সরকার বর্তমানে সাংবিধানিক, বিচার বিভাগীয় ও প্রশাসনিক সংস্কারে গুরুত্ব দিচ্ছে। সব রাজনৈতিক দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে একটি শান্তিপূর্ণ উত্তরণ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

ভিসা কার্যক্রম পুনরায় চালু করায় অস্ট্রেলিয়ার প্রতি কৃতজ্ঞতা জানান ড. ইউনূস। তিনি উল্লেখ করেন, বর্তমানে অস্ট্রেলিয়ায় ৬৫ হাজার বাংলাদেশি বসবাস করছেন, যাদের মধ্যে ১৪ হাজার শিক্ষার্থী। তিনি আরও বেশি স্কলারশিপ প্রদানের আহ্বান জানান।

অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল জানান, বাংলাদেশ নির্বাচন কমিশনের সক্ষমতা বৃদ্ধিতে ইউএনডিপির মাধ্যমে ২০ লাখ অস্ট্রেলিয়ান ডলার সহায়তা প্রদান করা হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্য বর্তমানে ৫ বিলিয়ন ডলার অতিক্রম করেছে এবং এটি গড়ে ১৬ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে।

রোহিঙ্গা সংকট নিয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা হয়। রাইল জানান, অস্ট্রেলিয়া এ পর্যন্ত রোহিঙ্গাদের জন্য ৫৫৩.৬ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখবে।

This post was viewed: 48

আরো পড়ুন