Skip to main content

Ridge Bangla

তেহরানে ৪০০ বাংলাদেশি ঝুঁকিতে, সরিয়ে নেওয়ার উদ্যোগ চলছে: ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব

ইরান-ইসরায়েল সংঘাতের পরিপ্রেক্ষিতে ইরানের রাজধানী তেহরানে অবস্থানরত প্রায় ৪০০ বাংলাদেশি নাগরিক ঝুঁকিতে রয়েছেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী। মঙ্গলবার (১৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, বাংলাদেশ সরকার এদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে।

তিনি জানান, ইরানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় ২ হাজার বাংলাদেশি নাগরিক অবস্থান করছেন। তাদের মধ্যে অনেকেই শ্রমিক, শিক্ষার্থী কিংবা পর্যটক হিসেবে সেখানে আছেন। তেহরানে অবস্থানরত যে প্রায় ৪০০ জন বাংলাদেশিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য কাজ শুরু হয়েছে।

এ পর্যন্ত প্রায় ১০০ জন প্রবাসী বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছেন বলে জানান তিনি। এরইমধ্যে দূতাবাসের ৪০ জন কর্মকর্তা-কর্মচারীকেও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ অঞ্চল থেকে বাংলাদেশিদের নিরাপদ আশ্রয়ে নেওয়ার পাশাপাশি তাদের দেশে ফিরিয়ে আনার প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

গত শুক্রবার (১৩ জুন) ভোরে ইসরায়েল ইরানের বিভিন্ন স্থানে সামরিক হামলা চালায়। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও ইসরায়েলের লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এই হামলা-পাল্টা হামলার ফলে দুই দেশেই প্রাণহানির ঘটনা ঘটছে।

এই উত্তপ্ত পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে আরও সহায়তা প্রদান করবে বলেও ব্রিফিংয়ে জানানো হয়।

This post was viewed: 39

আরো পড়ুন