Skip to main content

Ridge Bangla

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে সর্বোচ্চ প্রবৃদ্ধি বাংলাদেশের

২০২৫ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সময়ে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে বাংলাদেশ। মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলের (OTEXA) সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশ এই সময়ে ২.৯৮ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৯.৩৩ শতাংশ বেশি। গত বছর এই পরিমাণ ছিল ২.৩০ বিলিয়ন ডলার।

প্রতিযোগী দেশগুলোর মধ্যে:

  • ভিয়েতনাম রপ্তানি করেছে ৫.০৮ বিলিয়ন ডলার (প্রবৃদ্ধি ১৬.০৬%)

  • চীন ৪.৩৫ বিলিয়ন ডলার (প্রবৃদ্ধি মাত্র ০.৬৬%)

  • ইন্দোনেশিয়া ১.৬ বিলিয়ন ডলার (প্রবৃদ্ধি ১৫.৬০%)

  • ভারত ২ বিলিয়ন ডলার (প্রবৃদ্ধি ২০.৩০%)

এ সময়ে যুক্তরাষ্ট্রের সামগ্রিক পোশাক আমদানির প্রবৃদ্ধি হয়েছে ১০.৬৫ শতাংশ, যার মোট মূল্য দাঁড়িয়েছে ২৬.২২ বিলিয়ন ডলার।

সিপিডি’র সিনিয়র গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, “মূল্য প্রতিযোগিতা, উচ্চমানের পণ্য এবং উৎপাদনের ধারাবাহিকতা—এই তিনটি প্রধান কারণ বাংলাদেশকে এগিয়ে দিয়েছে। তবে তিনি সতর্ক করে দেন, দীর্ঘমেয়াদি কৌশল ছাড়া এই অগ্রগতি টেকসই নাও হতে পারে।”

বিজিএমইএ’র সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল জানান, “পরিমাণগত প্রবৃদ্ধি ২৮.৩০ শতাংশ হলেও ইউনিট মূল্যে বাংলাদেশের প্রবৃদ্ধি মাত্র ০.৮০ শতাংশ, যেখানে ভিয়েতনাম অর্জন করেছে ৩.৫৮ শতাংশ প্রবৃদ্ধি।”

বিশেষজ্ঞরা টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে পরিবেশবান্ধব উৎপাদন এবং শ্রমিক অধিকারের উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করেছেন।

This post was viewed: 68

আরো পড়ুন