Skip to main content

Ridge Bangla

রাজবাড়ীতে দুই হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে অভিযান চালিয়ে দুই হাজার দুই পিস ইয়াবাসহ মো. হাসান রেজা (৩৪) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ জুন) রাত সাড়ে ১১টায় পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) শরীফ আল রাজীব।

গ্রেপ্তার হওয়া হাসান রেজা ফরিদপুর সদর উপজেলার ভাজনডাঙ্গা গ্রামের মৃত আব্দুল হকের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি বিশেষ দল সোমবার সন্ধ্যায় দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের পাশের বাংলাদেশ হ্যাচারির সামনে ঢাকা-খুলনা মহাসড়কে অভিযান চালায়। সন্দেহভাজন হাসান রেজাকে আটক করে তার দেহ তল্লাশি করে দুই হাজার দুই পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, “হাসান রেজা একজন চিহ্নিত পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় দুটি হত্যা চেষ্টা মামলা রয়েছে এবং রাজধানীর শাহবাগ থানায় একটি চুরির মামলাও রয়েছে।”

তিনি আরও জানান, আটককৃতের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশের এই সফল অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং তারা মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন।

This post was viewed: 56

আরো পড়ুন