Skip to main content

Ridge Bangla

সন্ধ্যার মধ্যে ছয় অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, সতর্ক সংকেত জারি

দেশের ছয়টি অঞ্চলে আজ বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যার মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে এ বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল সকাল ৯টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু-একটি স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

এছাড়া দেশের কিছু এলাকায় চলমান মৃদু তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হতে পারে। বর্তমানে টাঙ্গাইল, ময়মনসিংহ, মৌলভীবাজার, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, বাগেরহাট, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলার পাশাপাশি রংপুর ও রাজশাহী বিভাগে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য অপরিবর্তিত থাকতে পারে।

This post was viewed: 45

আরো পড়ুন