Skip to main content

Ridge Bangla

তাপপ্রবাহ নিয়ে আবহাওয়া অফিসের দুঃসংবাদ, স্বস্তি মিলবে বৃষ্টিতে

সারাদেশে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও দুই দিন স্থায়ী হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আগামী শনিবার বা রোববার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর ১৫ জুন থেকে মৌসুমী বায়ু সক্রিয় হলে তাপমাত্রা কমতে শুরু করবে।

বুধবার (১১ জুন) আগারগাঁওয়ের আবহাওয়া অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, “বর্তমানে খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আরও দুই দিন সারা দেশে এই অবস্থা বজায় থাকতে পারে।”

তিনি জানান, ১৫ জুনের পর দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় হলে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং গরমের তীব্রতা কিছুটা কমবে। তার আগে আজ খুলনা ও বরিশাল বিভাগে কিছুটা বৃষ্টি এবং শনিবার ও রোববার থেকে বৃষ্টির প্রবণতা বাড়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুই-একটি স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রামের কিছু স্থানে মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে।

তাপপ্রবাহের বিষয়ে জানানো হয়, নীলফামারীর ওপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, রংপুরের অন্যান্য অংশ, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগেও মৃদু তাপপ্রবাহ বিরাজ করছে, তবে কিছু এলাকায় তা কিছুটা প্রশমিত হতে পারে।

This post was viewed: 50

আরো পড়ুন