Skip to main content

Ridge Bangla

টাঙ্গাইলে উদ্ধারকৃত ১১টি মর্টার শেল যমুনা নদীতে বিস্ফোরণ

টাঙ্গাইলের ভূঞাপুরে মুক্তিযুদ্ধকালীন সময়ের উদ্ধারকৃত ১১টি অবিস্ফোরিত মর্টার শেল নিরাপদভাবে ধ্বংস করেছে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল। বৃহস্পতিবার (১২ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার নলিন এলাকায় যমুনা নদীর মধ্যে শেলগুলো বিস্ফোরণ ঘটানো হয়।

বিস্ফোরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম, ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম এবং সেনাবাহিনীর কর্মকর্তারা।

ওসি রেজাউল করিম জানান, গত বুধবার রাতে উপজেলার পাটিতাপাড়া এলাকায় যমুনা নদীর তীরে মাছ ধরতে গিয়ে মরিচাধরা অবস্থায় ১১টি অবিস্ফোরিত মর্টার শেল দেখতে পান স্থানীয় বাসিন্দা শাহাদত নামের এক ব্যক্তি। তিনি বিষয়টি স্থানীয়দের জানালে এলাকাবাসী ভিড় জমায় এবং পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মর্টার শেলগুলো উদ্ধার করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে।

পরবর্তীতে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল শেলগুলো নিরাপদে যমুনা নদীতে বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে।

জানা গেছে, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাটিতাপাড়া ও মাটিকাটা এলাকায় যমুনা নদীর তীরে পাক হানাদার বাহিনীর দুটি যুদ্ধজাহাজ ধ্বংস করেছিল মুক্তিযোদ্ধারা। উদ্ধার হওয়া মর্টার শেলগুলো সেই সময়ের সামরিক অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়েছিল। দীর্ঘদিন মাটির নিচে থাকায় শেলগুলোর গায়ে জং ধরেছিল।

এই ঘটনায় স্থানীয়দের মধ্যে কৌতূহল এবং মুক্তিযুদ্ধের স্মৃতিকে ঘিরে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

This post was viewed: 46

আরো পড়ুন