Skip to main content

Ridge Bangla

গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের ফলে সেখানে পরিস্থিতি এখন ‘ভয়াবহ ও অমানবিক কষ্টকর’ বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক।

সোমবার জেনেভায় অনুষ্ঠিত জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৫৯তম অধিবেশনে বার্ষিক প্রতিবেদন উপস্থাপনকালে তিনি এই মন্তব্য করেন। টুর্ক বলেন, “ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের সামরিক অভিযান ও যুদ্ধের পদ্ধতি গাজায় এক ভয়াবহ ও অযৌক্তিক মানবিক বিপর্যয় সৃষ্টি করছে।”

তিনি আরও বলেন, “ইসরায়েল খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে এবং জীবনরক্ষাকারী ত্রাণ আটকে দিচ্ছে। আমি হতাশাগ্রস্ত বেসামরিক মানুষের ওপর হামলার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানাচ্ছি।”

টুর্ক ইসরায়েলি শীর্ষ কর্মকর্তাদের কিছু বক্তব্যকেও মানবতাবিরোধী ও ঘৃণামূলক বলে আখ্যা দেন। তিনি বলেন, “তাদের এই ধরনের উসকানিমূলক বক্তব্য ইতিহাসের সবচেয়ে ভয়ংকর অপরাধের কথা স্মরণ করিয়ে দেয়।”

এদিকে, গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, খান ইউনিসের আল-মাওয়াসি এলাকার রেড ক্রস ফিল্ড হাসপাতাল ও নাসের হাসপাতালে আহত ও নিহতদের মধ্যে অন্তত ২০০ জনকে স্থানান্তর করা হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১৯ মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৫৫,৩৬২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে বিপুলসংখ্যক শিশু রয়েছে।

অন্যদিকে, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন জানিয়েছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু তাকে আশ্বস্ত করেছেন যে গাজায় আরও বেশি মানবিক ত্রাণ প্রবেশের সুযোগ দেওয়া হবে।

গতকাল ভোর থেকে গাজায় নতুন করে চালানো ইসরায়েলি হামলায় আরও অন্তত ২০ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৫ জন রাফায় একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে সহায়তা নিতে গিয়ে প্রাণ হারান। বিতরণ কেন্দ্রটি পরিচালনা করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)।

This post was viewed: 33

আরো পড়ুন