মাদারীপুরের কালকিনিতে উচ্চ শব্দে হর্ন বাজানোকে কেন্দ্র করে বাসচালক ও মোটরসাইকেল আরোহীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
সোমবার (১২ মে) সন্ধ্যায় কালকিনির ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় এই সংঘর্ষ হয়। ঘটনার সময় ককটেল বিস্ফোরণ এবং বেশ কয়েকটি যানবাহন ভাঙচুরেরও ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে কালকিনি থেকে ঢাকাগামী সার্বিক পরিবহনের একটি বাসের চালক অহিদুল ব্যাপারী রেন্ডিতলা এলাকায় উচ্চ শব্দে হর্ন দিলে পাশে থাকা মোটরসাইকেল আরোহী মেহেদি ঘরামী নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। এতে মেহেদির আত্মীয়রা ক্ষিপ্ত হয়ে বাসটিকে ধাওয়া করে এবং ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় বাসচালক অহিদুলকে ধরে মারধর করেন।
চালক অহিদুল ভুরঘাটা মজিদবাড়ি এলাকার এবং মোটরসাইকেল আরোহী মেহেদি উত্তর রাজদী এলাকার বাসিন্দা হওয়ায় উভয় পক্ষের মধ্যে স্থানীয় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা সংঘর্ষে রূপ নেয়।
রাত ৯টা পর্যন্ত চলা সংঘর্ষে ককটেল বিস্ফোরণের পাশাপাশি বেশ কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। আহতদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষের সময় কিছু সময়ের জন্য ঢাকা–বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে, তবে সতর্কতা হিসেবে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।”